আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) অংশ হিসেবে চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের এই দ্বিপাক্ষিক টেস্ট সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।
ঘোষিত সূচি অনুযায়ী, ক্যারিবিয়ান দল ১৮ অক্টোবর ঢাকায় পা রাখবে। সফরকারীরা ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে।
বর্তমান পয়েন্ট তালিকায় বাংলাদেশ দল চার নম্বরে অবস্থান করছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ অষ্টম স্থানে রয়েছে। এ কারণে এই হোম সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রস্তুতি ম্যাচের পর দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টটি ২৮ অক্টোবর শুরু হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যা চলবে ১ নভেম্বর পর্যন্ত।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যা ৫ নভেম্বর শুরু হয়ে ৯ নভেম্বর শেষ হবে। প্রতিদিনের খেলা সকাল ১০টায় শুরু হবে।