বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর ২০২৬-এর সেরা কোচের জন্য ইয়োহান ক্রুইফ ট্রফির সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ও ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ যৌথভাবে নারী ও পুরুষ উভয় বিভাগে বর্ষসেরা কোচের তালিকা ঘোষণা করেছে, যেখানে মোট ১০ জন কোচের নাম স্থান পেয়েছে।
পুরুষ ফুটবলে সেরা কোচের তালিকায় আছেন আর্সেনালের কোচ মিকেল আরতেতা, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা এনে দিয়েছেন। এছাড়া, স্পেনকে ২০২৬ ফিফা বিশ্বকাপের সোনালী ট্রফি উপহার দেওয়া লুইস দে লা ফুয়েন্তে, প্যারিস সেন্ট জার্মেইকে ইউরোপ-সেরা করার জন্য লুইস এনরিকে, অ্যাস্টন ভিলাকে শক্তিশালী করে তোলা উনাই এমেরি এবং বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানি এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
নারী ফুটবলের বর্ষসেরা কোচের তালিকায় রয়েছেন অলিম্পিক লিওঁর জোনাথন জিরালদেজ, ম্যানচেস্টার সিটির কোচ আন্দ্রে ইয়েগলার্টজ এবং জাপান জাতীয় দলের কোচ নিলন নিলসেন। এছাড়াও, বার্সেলোনার পেরে রোমেউ এবং সেল্টিক ও বিকে হাকেনের ইয়েলেনা সাদিকু নারী দলের সেরা কোচের মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন।
২০২৫ সালের ব্যালন ডি'অর অনুষ্ঠানে সেরা পুরুষ ও নারী কোচের জন্য ইয়োহান ক্রুইফ ট্রফি জিতেছিলেন যথাক্রমে লুইস এনরিকে এবং সারিনা উইগম্যান।