আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
স্থানীয় সময় সকালে পর্দা নামবে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের। দুপুর ৩টা থেকে শুরু হবে ৮১তম বৈঠক, যেখানে রাষ্ট্র ও সরকারপ্রধানসহ ১৯৩ দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
এ বছরের মূল এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে বৈশ্বিক আস্থা পুনর্গঠন, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ত্বরান্বিত করা, নিরাপত্তা পরিষদের সংস্কার এবং বিভিন্ন দেশের সংঘাতময় পরিস্থিতি ও জলবায়ু সংকট।
আগামী ২২ থেকে ২৮ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে অনুষ্ঠিত হবে বিশ্বনেতাদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ বিতর্ক। এবারের অধিবেশনে হলের প্রথম আসনে বসার সুযোগ পাবে মরক্কো।
অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সিটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।