ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ মধ্যপ্রাচ্যে মার্কিন তেল ও গ্যাস কোম্পানির স্থাপনায় পাল্টা হামলার হুমকি দিয়েছেন। তিনি এই সতর্কবার্তা দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের হুমকির পর, যেখানে তিনি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর কথা বলেন।
গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ইরানের সম্পদে আঘাত এলে পাল্টা জবাব দেওয়া হবে। তিনি দাবি করেন, ইরান ইতোমধ্যে এমন হামলা চালানোর সক্ষমতা প্রমাণ করেছে।
এর আগে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই হরমুজ প্রণালিতে ওমানের সাথে নতুন নৌপথ ঘোষণার কথা জানান।
এদিকে, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) ইরানকে সংলাপে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা ইরানের পারমাণবিক ফাইল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানোর উদ্যোগ নিচ্ছে। তবে তেহরান জানিয়েছে, এ ধরনের যেকোনো পদক্ষেপের জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।