পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন যে বিরোধী দলের আশ্রয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিফাতরা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জিয়া পরিবারকে টার্গেট করে অশালীন উক্তি ও গালিগালাজ করছে। তিনি বলেন, এই ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ৯ দিনের বই মেলার আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। পানিসম্পদমন্ত্রী এ্যানি ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান যে, যারা অশালীন ভাষা ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বিরোধী দল ডিসেম্বরে এক দফার আন্দোলনের ডাক দিচ্ছে, যা ফ্যাসিবাদীদের সাথে সুর মিলিয়ে করা হচ্ছে। গুপ্তবাহিনী যে সাহস দেখিয়ে কথা বলছে, ফ্যাসিবাদী শক্তিও এতটা সাহস দেখাতে পারেনি।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ছাত্রদলকে সতর্ক করে বলেন, অতীতের হিসাব নিকাশ করে গুপ্ত বাহিনীর বিষয়ে সজাগ থাকতে হবে।