ফিলিপাইনের প্রতিরক্ষা সচিব গিলবার্তো টিওডোরো সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার সাম্প্রতিক কাটছাঁট চীনকে এশিয়া প্যাসিফিকে পুনরায় শক্তি বাড়ানোর সুযোগ দিতে পারে। সিউল প্রতিরক্ষা সংলাপের সাইডলাইনে সোমবার সাংবাদিকদের কাছে তিনি বলেন, “চীন গ্যাপগুলি খুব দ্রুত কাজে লাগাতে পারে।”
তিনি উল্লেখ করেন যে, ওয়াশিংটন ম্যানিলাকে “নিশ্চিত আশ্বাস” দিয়েছে যে, ফিলিপাইনের প্রতি মার্কিন প্রতিশ্রুতি অপরিবর্তিত রয়েছে। টিওডোরো চীনের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যবহার করে “বিকৃত ন্যারেটিভ” ছড়ানোর অভিযোগও করেছেন।
গত মাসে, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র তাদের বার্ষিক সামরিক মহড়ার সময়সীমা সংক্ষিপ্ত করেছে এবং মাঠ প্রশিক্ষণের কার্যক্রম কমিয়ে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্ষিক যুদ্ধ মহড়ার “গুরুতর হ্রাস” নির্দেশ দিয়েছিলেন।
ট্রাম্প জানান, তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে পরে সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন। কিমের বোন কিম ইয়ো জং পরে একটি বিবৃতি প্রকাশ করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট এবং তার ভাইয়ের মধ্যে কোন যোগাযোগ নেই এবং ওয়াশিংটন এখনও তার দেশের প্রতি “শত্রুতামূলক” নীতি অব্যাহত রেখেছে।
এই সপ্তাহে, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান যৌথভাবে দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের পূর্ব ও দক্ষিণে পাঁচদিনের সামরিক মহড়া পরিচালনা করতে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে যে, ফ্রিডম এডজ মহড়া প্রতিরক্ষামূলক এবং উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বাড়ানোর জন্য পরিচালিত হচ্ছে।