ভবিষ্যৎ প্রজন্মকে মোবাইল ও ভার্চ্যুয়াল আসক্তি থেকে ফিরিয়ে এনে বইয়ের কাছে বসানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, "মননশীল ও আলোকিত সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই।"
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশের বইপড়া কর্মসূচির ১২ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, "সমাজ পরিবর্তনের মূল শক্তি শিক্ষা।" তিনি জানান, সরকার প্রাথমিক স্তর থেকেই শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনছে।
তিনি জানান, কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মাধ্যমে কর্মমুখী মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি এবং নতুন প্রজন্মের সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত শিক্ষা বলে উল্লেখ করেন।