বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (বিজেপিসি) ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের টিসিএ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ৯ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিজেপিসি বাংলাদেশের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির। নতুন কমিটিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রাশেদ নিজামকে আহ্বায়ক, স্টার নিউজের মাহদি হাসানকে সদস্য সচিব এবং অ্যাডভোকেট তরুন লাল বেগিকে সমন্বয়ক হিসেবে নিয়োগ করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যদের নাম ও দায়িত্ব পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সভায় ঢাকার সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কর্মক্ষেত্রে চাপ ও ঝুঁকি, সাংবাদিকদের অধিকার এবং দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের চাপ, হুমকি ও হয়রানির মুখোমুখি হন। একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন সাংবাদিকতার জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।
বিজেপিসি বাংলাদেশের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় সংগঠনের কার্যক্রম বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন যাতে তারা ভয়ভীতি ছাড়াই দায়িত্ব পালন করতে পারেন।
নবগঠিত ঢাকা বিভাগীয় কমিটির নেতৃবৃন্দও সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা ঢাকার সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কর্মসূচি ও সহায়তামূলক উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
বিজেপিসি ২০২৪ সালে খুলনা থেকে কার্যক্রম শুরু করে এবং এরপর থেকে সংগঠনটি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার নিয়ে কাজ করে আসছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ফ্রি প্রেস আনলিমিটেড-এর অর্থায়নে এবং আর্টিকেল ১৯-এর সহযোগিতায় পরিচালিত একটি সাংবাদিক সুরক্ষা ও উন্নয়নমূলক উদ্যোগ হিসেবে বিজেপিসি কাজ করছে।