বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী বলেছেন, খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে নারী ও পুরুষকে সমানভাবে এগিয়ে যেতে হবে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিভাগীয় 'অনূর্ধ্ব-১৬' বালিকা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘ক্রীড়া হচ্ছে এমন একটি আনন্দিত বিষয় যে, যেকোনো মানুষকে তার সুখ-দুঃখের মধ্যেও আনন্দ দিতে পারে। একটি জাতির শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা যখন তাদের নৈপুন্য দেখায়, তখন সমগ্র জাতির মন আনন্দে ভরে ওঠে।’
তিনি সমাজে বিদ্যমান বাধাগুলোর কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের সমাজে অনেক বাধা আছে। কিন্তু পৃথিবীর প্রগতির সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের মেয়েদেরকে এগিয়ে আসতে হবে, বিশেষকরে, খেলাধুলার সেক্টরে।’
রিজভী আরও বলেন, ‘প্রত্যেকটি ক্ষেত্রেই নারী-পুরুষকে সমানভাবে এগিয়ে যেতে হবে। অন্যথায় আমরা পিছিয়ে যাব। আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়টি জোরালোভাবে অনুধাবন করেছেন।’
তিনি জানান, ‘নারীদের অংশীদারত্ব সর্বত্র সমান থাকতে হবে এবং তাদেরকে খেলাধুলার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে হবে।’
এ সময় তিনি একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও জানান। উল্লেখ্য, এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের কিশোরী ফুটবলারদের সামনে আন্তর্জাতিক ফুটবলের নতুন দরজা খুলছে। দেশের আট বিভাগের ১৬ জেলার প্রায় ৩শ' কিশোরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।