এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে পরাজয়ের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বাফুফের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ জোন্সের সঙ্গে সম্পাদিত চুক্তিও বাতিল করা হয়েছে।
বাংলাদেশের সহকারী কোচ আতিকুর রহমান মিশু আগামী ম্যাচে ভারতের বিপক্ষে দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
জোন্সের আচরণ নিয়ে বাফুফে অসন্তুষ্ট ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নেতিবাচক মন্তব্য এবং সহকারী কোচ মিশুর সঙ্গে সরাসরি বিরোধ পরিস্থিতি জটিল করে তোলে।
উজবেকিস্তানে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সের পর বাফুফে দ্রুত সিদ্ধান্ত নিয়েছে এবং জোন্সকে গ্রুপ পর্বের পর বিদায় করার পরিকল্পনা করেছিল।