ইরানের খার্গ দ্বীপের কাছে একটি তেলবাহী ট্যাংকারে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। হামলার পর ট্যাংকারটি খালি করার কাজ চলছে।
ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক (এসএনএন) জানায়, খার্গ দ্বীপের কাছে একটি ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র আঘাত হানা হয়েছে। ইরানি সংবাদমাধ্যমগুলো দাবি করে, ট্যাংকারটিতে যুক্তরাষ্ট্রের চারটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।
হামলায় হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে ট্যাংকারটির ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। খার্গ দ্বীপ ইরানের তেল রফতানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে দেশটির মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ প্রক্রিয়াজাত ও রফতানি করা হয়।
এদিকে, খার্গ দ্বীপের আশপাশে শনিবার বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস জানিয়েছে, বিস্ফোরণের উৎস তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খার্গ দ্বীপকে ঘিরে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। জুলাই মাসেও দ্বীপটির তেল রপ্তানি টার্মিনালে অবস্থানরত একটি খালি তেলবাহী ট্যাংকারে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গিয়েছিল। তবে এবারের হামলার দাবিটি এখনও ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ওপর নির্ভরশীল; যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।