জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর ধারাবাহিক নির্যাতন ও নিপীড়ন চললেও তার সুষ্ঠু বিচার হয়নি। তিনি শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিগত সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানা অত্যাচার ও অবিচার করা হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে এসব ঘটনার বিচার নিশ্চিত করা হয়নি। তিনি জানান, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিচারহীনতার সংস্কৃতি দূর করার জন্য দেশের বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার চেষ্টা চলছে।
তিনি বলেন, সরকার এবং বিরোধী দলের সকলের দায়িত্ব হলো দেশে স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। বর্তমানে দেশ কিছুটা স্থিতিশীলতার দিকে অগ্রসর হলেও গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে।
নাহিদ ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশে সত্যিকারের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য রক্ষা করা ছাড়া কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান এবং একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।