১৫ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার বৈভব সুর্যবংশী ইতোমধ্যে ক্রিকেটের মাঠে ও মাঠের বাইরে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। জাতীয় দলের বয়সভিত্তিক ক্রিকেটে তার পারফরম্যান্স এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার মাধ্যমে তিনি উল্লেখযোগ্য আর্থিক সাফল্য অর্জন করেছেন।
বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈভবের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৭ কোটি রুপি। তবে তার দ্রুত বাড়তে থাকা জনপ্রিয়তা ও স্পন্সরশিপের কারণে এই অঙ্ক শিগগিরই ১০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
সুর্যবংশীর আয়ের প্রধান উৎস আইপিএল। ২০২৫ সালের মেগা নিলামে রাজস্থান রয়্যালস তাকে ১ কোটি ১ লাখ রুপি চুক্তিতে দলে ভিড়িয়েছে। প্রতি ম্যাচে তিনি প্রায় ৭ লাখ ৫০ হাজার রুপি ম্যাচ ফি পান। এখন পর্যন্ত ২২টি আইপিএল ম্যাচ খেলার পর তার ম্যাচ ফি বাবদ সম্ভাব্য আয় ১৬ কোটি ৫০ লাখ রুপি দাঁড়িয়েছে।
মুম্বাইয়ে নিয়মিত যাতায়াতের জন্য বৈভব একটি আধুনিক অ্যাপার্টমেন্ট কিনেছেন, যার বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ থেকে ৩ কোটি রুপি। বিহারের সমস্তিপুর জেলার তাজপুরে তার পৈতৃক ভিটার বাজারমূল্য আনুমানিক ৪০ থেকে ৬০ লাখ রুপি।
ক্রিকেটের মাঠে তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বৈভব বিভিন্ন পুরস্কার পেয়েছেন। আইপিএল ২০২৫ মৌসুমে সেরা স্ট্রাইক রেটের জন্য তিনি ১৭ লাখ রুপি মূল্যের একটি 'টাটা কার্ভ ইভি' গাড়ি পেয়েছেন। এছাড়া, রাজস্থান রয়্যালসের হয়ে তার পারফরম্যান্সের জন্য একটি বিলাসবহুল মার্সিডিজ-বেঞ্জ গাড়িও উপহার দেওয়া হয়।
গত ফেব্রুয়ারি ২০২৬-এ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে তার ম্যাচজয়ী নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে বিহার সরকার তাকে ৫০ লাখ রুপি নগদ অর্থ পুরস্কার দেয়। বৈভব ইতোমধ্যে বড় বড় ব্র্যান্ডের নজর কেড়েছেন এবং ভারতের আন্তর্জাতিক ম্যাচগুলোর সম্প্রচারের সময় বিভিন্ন বিজ্ঞাপনে তাকে দেখা যাচ্ছে।
ভবিষ্যতে তার আয়ের অন্যতম বড় উৎস হতে যাচ্ছে স্পন্সরশিপ ও বিজ্ঞাপন চুক্তি।