সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানালেন ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানালেন ডা. শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারকে গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। তিনি শনিবার (২৫ জুলাই) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এ দাবি জানান।

ডা. শফিকুর রহমান বলেন, "আমরা সারাদেশ ঘুরেছি। সবার দাবি একই। আর তা হলো গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণ বলছে, আপনারা সরকারি ও বিরোধীদল হ্যাঁ ভোট দিতে বলেছেন; আমরা হ্যাঁ ভোটকে বিজয়ী করেছি। এখন সেটির বাস্তবায়ন দেখতে চাই।"

তিনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, "হাসিনাকে তাড়িয়েছি। যদি আপনারা ফ্যাসিবাদ কায়েম করেন, তাহলে আপনাদেরও জনগণ তাড়াবে।" জামায়াত আমির আরও বলেন, জনগণ পরিবর্তন ও সংস্কারের জন্য গণভোটে রায় দিয়েছে এবং ৭০ ভাগ মানুষ 'হ্যাঁ' ভোট দিয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, "গণভোটের রায়কে অপমান করতে দেবো না। এ রায় বাস্তবায়ন করলেই আমাদের আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছবে। বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না।"

তিনি আরও বলেন, "দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আজ যারা সরকারে আছেন, তারাও মজলুম ছিলেন। অথচ তারাই আজ ফ্যাসিবাদের পথ ধরে হাঁটা শুরু করেছেন।"

সমাবেশে সভাপতিত্ব করেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন