শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্পিকার দেশে ফিরলেন, রাষ্ট্রপতির পদত্যাগের প্রক্রিয়া শুরু

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশে ফিরেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের প্রক্রিয়া শুরু হয়েছে।

স্পিকার দেশে ফিরলেন, রাষ্ট্রপতির পদত্যাগের প্রক্রিয়া শুরু

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন—এমন খবরের মধ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। তিনি শুক্রবার দুপুর সোয়া ১২টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে তাঁর পরিবার। মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন, তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি দায়িত্ব থেকে সরে যাচ্ছেন।

বঙ্গভবনের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন, স্পিকার দেশে না থাকায় রাষ্ট্রপতি এখনও পদত্যাগপত্রে স্বাক্ষর করতে পারেননি। স্পিকার দেশে ফিরলে রাষ্ট্রপতি তাঁর কাছে পদত্যাগপত্র দেবেন।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্বাক্ষরযুক্ত পত্র স্পিকারের উদ্দেশে পাঠিয়ে পদত্যাগ করতে পারেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বলে ৫৪ অনুচ্ছেদ উল্লেখ করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের সময় স্পিকারকে সশরীরে উপস্থিত থাকতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা সংবিধানে নেই। তবে রাষ্ট্রপতি পদত্যাগপত্রে স্বাক্ষর করার সঙ্গে সঙ্গে তাঁর পদ শূন্য হয়ে যাবে এবং স্পিকারকে দায়িত্ব নিতে হবে।

এ কারণে স্পিকার দেশে ফিরলে একটি সময় ঠিক করে রাষ্ট্রপতি পদত্যাগপত্রে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন