বাগেরহাটের মোংলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় মোংলা পৌরসভার সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় তারা এমপির প্রতি ঘৃণা প্রদর্শন, থুথু নিক্ষেপ ও কুশপুত্তলিকা দাহ করে।
‘সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে আয়োজিত এই সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন। মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি এবং পৌর যুবদলের আহ্বায়ক আবুল কাশেম বক্তব্য রাখেন।
বক্তারা ১৯৭১ সালে জামায়াতে ইসলামী কর্তৃক নারীদের ওপর নির্যাতনের উল্লেখ করে বলেন, তারা আজও সেই জঘন্য মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি। ধর্মের নাম ব্যবহার করে নারীদের ওপর নির্যাতন ও ধর্ষণের অপকর্ম চালিয়ে যাচ্ছে।
প্রতিবাদ সভা শেষে ক্ষুব্ধ নেতা-কর্মীরা এমপির কুশপুত্তলিকা দাহ করে এবং থুথু নিক্ষেপ করে ঘটনার চরম প্রতিবাদ জানান। মোংলা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, ‘জামায়াতের এমপি গাজী নজরুল যে অসামাজিক কাজে লিপ্ত ছিলেন সেটা বাংলার মানুষ দেখেছে। তার এ ধরনের কর্মকাণ্ড মুসলমান হিসেবে আমাদের ব্যক্তিত্বে লেগেছে।’