জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভবিষ্যতে কেউ যদি ব্যালট বাক্স চুরির চেষ্টা করে, তাহলে তাদের বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে। রোববার ঝালকাঠির রাজাপুরে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির পথসভায় তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গত নির্বাচনে ব্যালট বাক্স চুরির হুমকি এসেছে। যারা ব্যালট বাক্স চুরি করতে আসবে তাদেরকে বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে।’ তিনি আরও উল্লেখ করেন, নাগরিকদের দায়িত্ব নিজেদের কাঁধে নিতে হবে এবং সংসদে জনগণের কথা বলার ওপর গুরুত্বারোপ করেন।
পথসভায় তিনি বলেন, ‘যারা ব্যবসায়ীদের টাকায় সংসদে যায়, তারা ব্যবসায়ীদের কথা বলবে। কিন্তু আমরা জনগণের টাকায় সংসদে গিয়েছি, জনগণের কথাই বলি।’ তিনি নির্বাচনের আগে এনসিপির পক্ষ থেকে দেওয়া প্রতিজ্ঞার কথা উল্লেখ করে বলেন, ‘আপনারা ফ্রিতে ভোট দিলে আমরা ফ্রিতে সার্ভিস দেব।’
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘এই সরকার ৫০ জন নারী এমপির মধ্যে ৩৭ জন নারীকে বরাদ্দ দিয়েছেন, আমাদের মতো নারীদের বঞ্চিত করেছেন।’
সভায় উপজেলা আহ্বায়ক শাকিল আহম্মেদের সভাপতিত্বে অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।