রাজধানীর পল্লবী থানার একটি মামলায় আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাজধানীর ইসিবি চত্বর থেকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, পল্লবী থানার একটি মামলায় সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়।
মোহাম্মদ সাহেদ করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় জালিয়াতি ও অন্যান্য অভিযোগে আলোচিত হয়েছেন। ২০২০ সালের ৬ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালত রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালায়।
অভিযানের সময় পরীক্ষা ছাড়াই করোনার সনদ প্রদান করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার প্রমাণ পাওয়া যায়। পরে ১৫ জুলাই ভোরে ভারতে পালানোর সময় সাতক্ষীরা থেকে তাকে র্যাব গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় দীর্ঘ সময় কারাগারে ছিলেন।