ফুড ডেলিভারি রাইডার ওয়াং জিবিং চীনের অন্যতম মর্যাদাপূর্ণ 'লু সুন সাহিত্য পুরস্কার' অর্জন করেছেন। ৫৬ বছর বয়সী এই কবি তার কাব্যগ্রন্থ ‘লো ফ্লাইট’ এর জন্য এই সম্মান পান, যা খাবার সরবরাহকারী কর্মীদের দৈনন্দিন জীবনসংগ্রাম ও মানসিক চাপকে কেন্দ্র করে লেখা।
‘লো ফ্লাইট’ বইটি ২০২৪ সালে প্রকাশিত হয় এবং এতে ওয়াং প্রায় ২০০ জন ডেলিভারি কর্মীর অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি বলেন, 'ডানা মেলা মানেই যে অনেক উঁচুতে উড়তে হবে, তা কে বলেছে? নিচু দিয়ে উড়েও তো উড়া যায়।'
পুরস্কার ঘোষণার পর এক সাক্ষাৎকারে তিনি জানান, 'আমি নিঃশ্বাস আটকে রেখেছিলাম, ভীষণ নার্ভাস ছিলাম।' পুরস্কার পাওয়ার পর গণমাধ্যমের আগ্রহ তাকে মানসিক চাপের মধ্যে ফেলেছে।
ওয়াং জিবিংয়ের জীবনযাত্রা ছিল চ্যালেঞ্জিং। তিনি কৈশোরে পড়াশোনা ছেড়ে দিয়ে নির্মাণশ্রমিক, বর্জ্য সংগ্রহকারী এবং ফুটপাতে পণ্য বিক্রেতার কাজ করেছেন। ২০১৯ সালে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কাজ শুরু করেন।
সাহিত্যজগতের প্রতি তার আগ্রহ কখনো কমেনি। গত এক দশকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার লেখা কবিতা ও প্রবন্ধ প্রকাশ করেছেন। ২০২২ সালে 'ম্যান ইন এ হারি' কবিতাটি ব্যাপক আলোচনায় আসে।
পুরস্কার জিতলেও তিনি ডেলিভারি রাইডার হিসেবে কাজ ছাড়ার কোনো পরিকল্পনা নেই। তিনি জানান, 'আমি সাধারণ মানুষের মতো জীবনই চাই। এই পুরস্কার আমাকে বদলে দেবে না।' তিনি অন্তত ৬০ বছর বয়স পর্যন্ত এই কাজ চালিয়ে যেতে চান।
চীনে শ্রমজীবী লেখকদের সাহিত্যকর্মের জনপ্রিয়তা বাড়ছে। ২০২৩ সালে সাবেক কুরিয়ার কর্মী হু আনইয়ানের আত্মজীবনী 'আই ডেলিভার পার্সেলস ইন বেইজিং' বেস্টসেলার হয়।