হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ হলে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, তেহরানকে তার আচরণে বাস্তব পরিবর্তন আনতে হবে।
রোববার (১৯ জুলাই) স্থানীয় সময় রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র আলোচনার বিরোধী নয়, তবে যেকোনো সমঝোতা কার্যকর হতে হবে এবং ইরানকে তা মেনে চলতে হবে।
তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে ইরানের হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার এবং বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু তেহরান তিনটি জাহাজে হামলা চালিয়েছে।
রুবিও বলেন, 'তাদের আচরণ বদলাতে হবে, তাহলেই আমাদের আচরণও বদলাবে।' তিনি জানান, ইরানের অভ্যন্তরে দুই ধরনের অবস্থান স্পষ্ট হয়ে উঠছে; একপক্ষ হামলা অব্যাহত রাখতে চায়, অন্যপক্ষ দেশের অর্থনৈতিক সংকট নিয়ে উদ্বিগ্ন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানের নেতৃত্বের কারণে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে। তিনি অভিযোগ করেন, নিষেধাজ্ঞা শিথিল বা তেল বিক্রির মাধ্যমে যে অর্থ তেহরান পায়, তার বড় অংশই তারা সশস্ত্র গোষ্ঠীগুলোর পেছনে ব্যয় করে।
রুবিও জানান, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র কাজ করছে। তিনি বলেন, 'এখন এই দায়িত্ব পালন করছে শুধু যুক্তরাষ্ট্রই।'
তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, বিশ্বের অন্যান্য দেশকে নিরাপত্তা ব্যবস্থার ব্যয় বহনে সহায়তা করতে হবে।
রুবিও বলেন, আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ নৌপথ ইরানের মতো কোনো দেশের নিয়ন্ত্রণে থাকতে দেওয়া উচিত নয়। তবে ইরানের পক্ষ থেকে রুবিওর বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।