মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ করা হবে। শনিবার নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, 'অতীতে খালি জায়গায় বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। কিন্তু বর্তমান সরকারের নির্দেশনা হলো, যেখানে সম্ভব সেখানে খেলার মাঠ গড়ে তোলা। এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে আট বিঘা করে জমি বরাদ্দের জন্য ৩০০ সংসদ সদস্যকে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি, আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ নির্মাণ করা সম্ভব হবে।'

তিনি আরও জানান, দেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার একটি নারায়ণগঞ্জে করার ইচ্ছা রয়েছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সাঁতার শেখার সুযোগ বাড়ানোর উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, '২২টি জেলায় বিদ্যমান সুইমিংপুল দ্রুত সংস্কার করা হবে এবং পরবর্তী পাঁচ বছরে প্রতিটি জেলায় একটি করে সুইমিংপুল নির্মাণের পরিকল্পনা রয়েছে।'

জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলার গুরুত্ব বাড়ানোর বিষয়েও তিনি কথা বলেন। নতুন শিক্ষাক্রমে আরও ২০টি ক্রীড়া টুর্নামেন্ট অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, অভিভাবকেরাও শিক্ষার্থীদের খেলাধুলায় অংশ নিতে উৎসাহিত করবেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন