দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে শনিবার বিকেলে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৭৭৩ শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৮৯ শিশুর মৃত্যু হয়েছে। হাম আক্রান্ত হয়ে ৯৫টি শিশু প্রাণ হারিয়েছে, ফলে হাম ও উপসর্গ নিয়ে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৭৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৬৯৯। এই সময়ে ৬৪৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৪৯৮টি শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।