লেবানিজ পপ তারকা ফাদেল শাকেরকে বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি গত কয়েক মাস ধরে একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগদানের অভিযোগে কারাগারে ছিলেন। বিচারিক কর্মকর্তাদের মতে, শাকের ৫০০ মিলিয়ন লেবানিজ পাউন্ড (প্রায় ৫,৫০০ ডলার) জামিন পরিশোধ করে বুধবার মুক্তি পান।
শাকেরের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে সশস্ত্র গোষ্ঠীর সদস্য হওয়া, সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়ন করা এবং অর্থ পাচারের অভিযোগ। ২০১৩ সালে সিডন শহরে সরকারী বাহিনী ও সুন্নি মুসলিম শেখ আহমেদ আল-আসিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় তার অংশগ্রহণের অভিযোগও রয়েছে।
৫৭ বছর বয়সী শাকের, যিনি প্যালেস্টাইনী শরণার্থী শিবিরের কাছে বেড়ে উঠেছিলেন, ১৯৯৮ সালে তার প্রথম অ্যালবাম 'ওয়াল্লাহ জামান' প্রকাশ করেন। তিনি আরব বিশ্বে 'রোমান্সের রাজা' হিসেবে পরিচিতি পান এবং তার জনপ্রিয় গানগুলো ব্যাপক সাড়া ফেলে।
২০১২ সালে ধর্মীয় কারণে তার সঙ্গীত জীবন থেকে অবসর নেন এবং পরে আল-আসিরের সমর্থক হওয়ার অভিযোগে অভিযুক্ত হন। শাকের আল-আসিরের সমর্থনে ধর্মীয় গান গাইতেন এবং রাজনৈতিক সমাবেশে অংশ নিতেন।
২০১৩ সালে সংঘর্ষের সময় ১৮ জন লেবানিজ সৈন্য এবং ২৫ থেকে ৪০ জন আল-আসিরের সমর্থক নিহত হন। শাকেরের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি ওই সংঘর্ষে অংশগ্রহণ করেছিলেন। ২০২০ সালে শাকেরকে অনুপস্থিতিতে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
গত অক্টোবর মাসে শাকের পুলিশে আত্মসমর্পণ করেন এবং তার আগের সাজা বাতিল করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে চারটি মামলা চলমান রয়েছে, যার মধ্যে সশস্ত্র গোষ্ঠী গঠনের অভিযোগও রয়েছে।