বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও আফ্রিকান জায়ান্ট মরক্কো। বাংলাদেশ সময় রাত দু'টায় শুরু হবে ম্যাচটি।
ফ্রান্স টানা তৃতীয় সেমিফাইনাল খেলার লক্ষ্যে নামছে। আক্রমণভাগে দুর্দান্ত ফর্মে থাকা ফরাসিদের বিপক্ষে মরক্কোর জমাট রক্ষণ ও দারুণ কাউন্টার অ্যাটাকের এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। ফ্রান্স শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দিচ্ছে। কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও উসমান দেম্বেলে, এই ত্রয়ী ফ্রান্সের বড় অস্ত্র।
ফ্রান্সের শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলের ব্যবধানে হারানোর পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। অন্যদিকে, মরক্কোও টানা দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তবে ম্যাচের আগে বড় ধাক্কা হিসেবে ইসমাইল সাইবারির ইনজুরি তাদের জন্য উদ্বেগের বিষয়।
মরক্কো শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক কানাডাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে। হাকিমি, রাহিমি ও গোলরক্ষক বুনোর মতো তারকারা গত বিশ্বকাপের সেমিফাইনালে হারের প্রতিশোধ নিতে প্রস্তুত।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, "আমার কোনো সন্দেহ নেই। রেফারি নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। একেকজনের ম্যাচ পরিচালনার পদ্ধতি একেক রকম। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি রেফারিদের ওপর আস্থা রাখছি।"
মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন, "যতক্ষণ আমাদের আরও বেশি কিছু পাওয়ার সুযোগ আছে, ততক্ষণ আমি কোনো কিছুতেই সন্তুষ্ট হব না। আমরা যেকোনো মূল্যে জিততে চাই।" তিনি আরও বলেন, "চার বছর আগের তুলনায় আমাদের শক্তি বদলে গেছে।"
দুই দলের ইতিহাসে ফ্রান্সের পাল্লাই ভারী। ছয়বারের দেখায় ফ্রান্স জিতেছে চারটিতে, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। তবে ফুটবলপ্রেমীদের মনে এখনও টাটকা ২০২২ সালের কাতার বিশ্বকাপের সেই ক্ষত, যেখানে মরক্কোর রূপকথার যাত্রা থামিয়ে দিয়েছিল ফরাসি দল।