যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
গত অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির পর থেকে বিভিন্ন হামলায় মোট ১ হাজার ৫ জন নিহত হয়েছেন।
যুক্তরাজ্যের দাতব্য প্রতিষ্ঠান মেডিক্যাল এইড ফর প্যালেস্টানিয়ানসের গাজাবিষয়ক পরিচালক ফিকর শালতুত বলেন, “গাজা আরও একটি মর্মান্তিক মাইলফলকে পৌঁছানোর কারণে আমরা শোকাহত।” তিনি উল্লেখ করেন, “সেখানকার হাজার হাজার মানুষকে বলা হয়েছিল, সবচেয়ে খারাপ সময়টা কেটে গেছে। কিন্তু এখনো তাদের প্রিয়জনদের দাফন করতে হচ্ছে।”
যুদ্ধবিরতি গাজায় বড় পরিসরে সংঘাত থামিয়েছে, তবে দুই পক্ষ এখনো চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বদরান আল জাজিরাকে বলেছেন, হামাস এখনই অস্ত্র সমর্পণ করবে না।
জাতিসংঘের মানোধিকার বিষয়ক সমন্বয় অফিসের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, গাজা উপত্যকায় ৩৭টি হাসপাতালের মধ্যে মাত্র ২০টি আংশিক কাজ চালাচ্ছে। বর্তমানে সেখানকার একটি হাসপাতালও পুরোপুরি কার্যক্রম পরিচালনা করার মতো অবস্থায় নেই।
২০২৩ সালের অক্টোবরে গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে ইসরায়েল। এর পর থেকে ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।