সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শাহবাগে এলজিআরডি প্রতিমন্ত্রীর অভিযান, ১০ ব্যবসায়ীকে জরিমানা

শাহবাগে এলজিআরডি প্রতিমন্ত্রীর অভিযানে ১০ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

শাহবাগে এলজিআরডি প্রতিমন্ত্রীর অভিযান, ১০ ব্যবসায়ীকে জরিমানা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন শাহবাগ এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে রাতের আঁধারে অভিযান চালান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

১৪ জুন রাত ৮টায় জাতীয় সংসদের অধিবেশন শেষে তিনি শাহবাগ এলাকায় পৌঁছান এবং বিভিন্ন দোকানের সামনে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন। এর পর তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘনের দায়ে ১০ ব্যবসায়ীকে জরিমানা করেন। একই সঙ্গে দোকান মালিক ও ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে দোকানের সামনে কোনো ধরনের বর্জ্য না ফেলার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানের অংশ হিসেবে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও এলাকাবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। প্রতিমন্ত্রী এ সময় দোকানীদের মাঝে ঝুড়ি ও পলিথিন বিতরণ করেন।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, "পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলতে নগরবাসীরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।" তিনি আরও জানান, যেখানেই অপরিচ্ছন্নতা ও অনিয়ম পাওয়া যাবে, সেখানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মাহবুর রহমান তালুকদার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন