হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেফতার মেজর (অব.) আখতারুজ্জামান জামিন আবেদন করেছেন।
আজ সোমবার (২৬ অক্টোবর) মহানগর দায়েরা জজ আদালতে তার জামিনের আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির জামিনের আবেদনটি উপস্থাপন করবেন।
২ অক্টোবর, রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে মেজর আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারির পর তাকে এক দিনের রিমান্ডে নেওয়া হয় এবং বর্তমানে তিনি কারাগারে আছেন।
মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, আঘাত, অপরাধমূলক বল প্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।