ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই। আজ সোমবার দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি যথাসময়ে ভারত সফর করবেন। তিনি উল্লেখ করেন, জনগণের সঙ্গে সম্পর্কের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় দুই দেশ একসঙ্গে কাজ করবে।
তিনি বলেন, 'আলোচনার দরকার নেই...আমাদের উদ্দেশ্য একই। বারবার একই বিষয় নিয়ে আলোচনা হয় না। মানুষে-মানুষে যোগাযোগটা গুরুত্বপূর্ণ।' তিনি আরও বলেন, 'আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী, সঠিক সময়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর (ভারত সফরের) আমন্ত্রণ রয়েছে।'
বৈঠকের পর বন ও পরিবেশমন্ত্রী জানান, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে রাজনীতি এবং বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা চলতেই থাকবে। আজকের আলোচনায় দূষণ নিয়ন্ত্রণ, পানি সংরক্ষণ, কার্বন ক্রেডিট ও প্রযুক্তি হস্তান্তরের মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।