গৌহাটি হাইকোর্ট ভারত থেকে বাংলাদেশে ‘পুশইন’ করা বাংলাভাষী মুসলমান নারী মুমতাজ বেগমের পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। সোমবার এই তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।
এটি প্রথমবারের মতো যে, ভারত থেকে কাউকে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে ডিপোর্টেশন সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য কোনো রাজ্য সরকারকে আদালতের খরচ বা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।
মুমতাজ বেগমের পরিবার গৌহাটি হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা দায়ের করার পর জানতে পারে যে, তাঁকে জোর করে ভারত থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে।
এই মামলায় হাইকোর্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও পক্ষভুক্ত করে। আদালত জানিয়েছে, মুমতাজ বেগমকে বাংলাদেশে খুঁজে বের করে তাঁকে ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য ভারত সরকারকে ‘চেষ্টা চালাতে’ নির্দেশ দেওয়া হবে।
মুমতাজ বেগমকে বাংলাদেশে পাঠানোর ঘটনায় আসামের নগাঁও ফরেনার্স ট্রাইব্যুনালের ভূমিকাতেও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। বিচারপতি কল্যাণ রাই সুরানা এবং বিচারপতি সুস্মিতা ফুকন খাউন্ডের বেঞ্চ বলেছেন, ফরেনার্স ট্রাইব্যুনাল যে ধরনের পদক্ষেপ নিয়েছে, তাতে আদালত মনে করেছে যে “আইনের অপপ্রয়োগের মাধ্যমে বিদ্বেষপ্রসূত পদক্ষেপের বিষয়টি নথি থেকেই স্পষ্ট।”