প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের শিল্পকর্মকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশন। শনিবার বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. অনুপম হোসেন। প্রয়াত ভাষ্যকারদের নিয়ে স্মৃতিচারণ করেন প্রবীণ ক্রীড়া ভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ, শামিম আশরাফ চৌধুরী, সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, ভাষ্যকার শামসুল আলম গ্রিন্থ, কাজল সরকার, পলাশ খাঁন, সামসুল ইসলাম, জামিলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ক্রীড়াবিদ, সংগঠক, ক্রীড়া ভাষ্যকার, প্রয়াতদের আত্মীয়-স্বজন এবং সাংবাদিকসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মাঠের খেলাকে জীবন্ত করে তুলে ধরতে যাঁরা শ্রোতা ও দর্শকদের কাছে পৌঁছে দেন, তাঁদের মধ্যে আবদুল হামিদ, খোদা বকস মৃধা, বদরুল হুদা চৌধুরী, মঞ্জুর হাসান মিন্টু, আতাউল হক মল্লিক, তৌফিক আজিজ খাঁন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মুসা, নুর আহমেদ প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়।
বক্তারা আরও বলেন, এই কিংবদন্তী ক্রীড়া ভাষ্যকারগণ বিগত বছরগুলোতে পরলোক গমন করেছেন। বাংলাদেশের ক্রীড়া উন্নয়ন এবং সম্প্রসারণে এদেশের সূচনালগ্ন থেকে ক্রীড়া ভাষ্যকারগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।