সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সংসদের তরফ থেকে চিঠি পাওয়ার পর। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান।
তিনি বলেন, "আইন অনুযায়ী, দল থেকে পদত্যাগ করলে এমপি পদ না থাকার কথা রয়েছে। কিন্তু দল বহিষ্কার করলে সংবিধান অনুযায়ী এমপি পদ যাওয়ার সুযোগ নেই।"
নির্বাচন কমিশনার আরও জানান, স্পিকারের সংসদ থেকে চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কমিশন।
এছাড়া, স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। কমিশন পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোট দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায়।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, "সরকারের সঙ্গে ইলেকশন কমিশনের কোন দূরত্ব নেই।" আগামী অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। তিনি বলেন, আবহাওয়া, সরকারি পরীক্ষাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।