যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের বিশ্বকাপ আয়োজনের শুরু থেকে ইনফান্তিনোর প্রতি ট্রাম্পের আগ্রহ বেড়ে গেছে। ৫৬ বছর বয়সী ইনফান্তিনো, যিনি সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছেন, বিভিন্ন অনুষ্ঠানে ট্রাম্পকে সম্পৃক্ত করেছেন এবং গত ডিসেম্বরে ফিফার প্রথম ‘পিস প্রাইজ’ পুরস্কারও তাকে প্রদান করা হয়।
ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ট্রাম্প মনে করেন ইনফান্তিনো 'বিশ্বজুড়ে সবার কাছে সম্মানিত' এবং মানুষের মধ্যে ঐক্য তৈরির ক্ষেত্রে তার বিশেষ সক্ষমতা রয়েছে। জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস চলতি বছরের ডিসেম্বরের শেষে দায়িত্ব ছাড়বেন, এরপর নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।
ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে নির্বাচিত হতে হলে প্রথমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সমর্থন পেতে হবে এবং পরে সাধারণ পরিষদের অনুমোদন নিতে হবে। তবে ইনফান্তিনো নিজে এই পদে আগ্রহী কি না তা স্পষ্ট নয়।
বর্তমান প্রার্থী তালিকায় লাতিন আমেরিকার সাবেক প্রেসিডেন্টসহ কয়েকজন আলোচিত ব্যক্তি রয়েছেন, তবে ট্রাম্প মনে করছেন ইনফান্তিনোর জন্য সুযোগ রয়েছে। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমান প্রার্থীদের মধ্যে সাতজনকে 'দুর্বল প্রার্থী' হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাশেলেট এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি অন্যতম। ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব করার উদ্যোগ লাতিন আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চল থেকে প্রার্থী নির্বাচনের দীর্ঘদিনের রীতিতে পরিবর্তন আনতে পারে।
ট্রাম্পের বৈশ্বিক অংশীদারত্ব বিষয়ক বিশেষ দূত পাওলো জামপোল্লি বলেন, 'এমন একটি অসাধারণ ধারণা একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পই দিতে পারেন।' তিনি ইনফান্তিনোর নেতৃত্বের দক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
তবে ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর বর্তমান আয় ও জাতিসংঘ মহাসচিবের বেতন মধ্যে বড় পার্থক্য রয়েছে। জাতিসংঘ মহাসচিবের বার্ষিক পারিশ্রমিক প্রায় ৪ লাখ ১৮ হাজার ডলার।
এদিকে, ইনফান্তিনো ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনের জন্য ইতোমধ্যে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন, যা আগামী মার্চে অনুষ্ঠিত হবে।