দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা এবং পাহাড়ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। আহত হয়েছেন ৩৯ জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বন্যা কবলিত খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে কক্সবাজারে। সেখানে ১৩ জন রোহিঙ্গাসহ মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন।
চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙ্গামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সরকারি তথ্যমতে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৫৮টি উপজেলা বর্তমানে বন্যার পানিতে ভাসছে।
এতে পানিবন্দি হয়ে পড়েছেন ২ লাখ ৬৭ হাজারের বেশি পরিবার। মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১০ লাখ ২২ হাজার ছাড়িয়েছে।
উপদ্রুত এলাকাগুলোতে ইতোমধ্যে ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ঠাঁই নিয়েছেন ৪৪ হাজারের বেশি মানুষ। দুর্গতদের সহায়তায় এ পর্যন্ত ৭টি জেলাসহ সারা দেশে প্রায় ৯ হাজার মেট্রিক টন চাল এবং ৪ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।