গণতান্ত্রিক আইনজীবী সংহতি (ডিএলএস) শনিবার বিচার বিভাগকে সংস্কার করে পূর্ণ স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিতের দাবি জানিয়েছে।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে 'গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও বিচার বিভাগের কাঙ্ক্ষিত সংস্কার' শীর্ষক এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়।
সভায় বক্তারা বলেন, মানুষের ন্যায়বিচার প্রাপ্তির শেষ ভরসা হচ্ছে বিচার বিভাগ। তাই নিম্ন ও উচ্চ আদালতে বিচারকদের সংখ্যা বৃদ্ধি, মামলা জট কমানো এবং ই-ফাইলিং ব্যবস্থা চালুর তাগিদ দেওয়া হয়।
বক্তারা আদালতে ডিজিটাল ব্যবস্থাপনার আধুনিকায়ন, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালু এবং বিচারপ্রার্থীদের বসার ব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্ব আরোপ করেন।
তারা অতীতের মতো বর্তমান সরকার যেন বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, তা নিশ্চিত করার কথাও বলেন।