বুধবার, ০৩ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

২০২৬ সালে চীনে সফর করেছেন ২৩ দেশের ২৬ নেতা

২০২৬ সালে চীনে ২৩টি দেশের ২৬ নেতা সফর করেছেন, যা দেশটির কূটনৈতিক প্রভাব নির্দেশ করে।

২০২৬ সালে চীনে সফর করেছেন ২৩ দেশের ২৬ নেতা

চলতি বছরে চীনে বিশ্বনেতাদের সফর দেশটির ক্রমবর্ধমান কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাবের ইঙ্গিত দিচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত ২৩টি দেশের ২৬ জন শীর্ষ নেতা ও জ্যেষ্ঠ কর্মকর্তা চীন সফর করেছেন।

সর্বশেষ যুক্ত হয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়ভেট কুপার। তিনি তিন দিনের সফরে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই এবং ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করবেন। সফরের পর তিনি দক্ষিণের প্রযুক্তিনগরী শেনজেনে প্রযুক্তি ও বিজ্ঞান সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করবেন।

চীন সফরকারী নেতাদের মধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, চ্যান্সেলর, ক্রাউন প্রিন্স ও পররাষ্ট্রমন্ত্রীরা অন্তর্ভুক্ত রয়েছেন। তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, কানাডা, স্পেন, পাকিস্তান, ইরান, ব্রাজিল, ভিয়েতনামসহ ইউরোপ, এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার গুরুত্বপূর্ণ দেশগুলো রয়েছে।

বিশ্লেষকদের মতে, চীনে এই সফরের মূল লক্ষ্য হচ্ছে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা জোরদার করা। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে অনেক দেশই চীনের বিশাল বাজার ও বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে চাইছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চলতি বছর বিদেশ সফরের পরিবর্তে দেশেই বিদেশি অতিথিদের স্বাগত জানাচ্ছেন, যা বেইজিংয়ের ‘হোস্ট-ডিপ্লোমেসি’ কৌশল হিসেবে দেখা হচ্ছে। সফরকারী দেশগুলোর মধ্যে ইউরোপীয় দেশগুলোর উপস্থিতি সবচেয়ে বেশি, যা মোট তালিকার প্রায় এক-তৃতীয়াংশ।

যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, আয়ারল্যান্ড ও ফিনল্যান্ডের মতো দেশগুলোর নেতারা বাণিজ্য ও কৌশলগত মতবিরোধ থাকা সত্ত্বেও চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ দেখাচ্ছেন। বর্তমানে চীন বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্যিক শক্তি। ২০২৫ সালে দেশটির মোট পণ্য বাণিজ্যের পরিমাণ প্রায় ৬.৫ ট্রিলিয়ন ডলার, যা এটিকে টানা নবম বছরের মতো বিশ্বের শীর্ষ পণ্য বাণিজ্যকারী দেশ হিসেবে ধরে রেখেছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারত চীনের শীর্ষ বাণিজ্য অংশীদার হলেও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বেইজিংয়ের প্রভাব এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

বিজ্ঞাপন