শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেছেন।

জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

রাষ্ট্রপতি বলেন, তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস শেখায়। সুস্থ জাতি গঠনে মাঠ ও খেলাধুলার প্রসার জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, অ্যাথলেটিক্সকে ক্রীড়ার জননী বলা হয়, যেখানে ক্রীড়াবিদের গতি, শক্তি, ক্ষিপ্রতা, শৃঙ্খলা ও সহনশীলতার প্রকৃত পরীক্ষা হয়। রাষ্ট্রপতি বলেন, খেলাধুলা জাতীয় গৌরব ও ঐক্যের প্রতীক এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উড়ানো একটি গর্বের বিষয়।

মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

রাষ্ট্রপতি খেলাধুলার প্রসার, সুস্থ জাতি গঠন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। এর মধ্যে স্পোর্টস কার্ড, স্পোর্টস অ্যালাউন্স, এবং আধুনিক স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে এবং অবৈধভাবে দখল করা মাঠগুলো দখলমুক্ত করার আহ্বান জানান।

রাষ্ট্রপতি নারী অ্যাথলেটদের সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি স্কুল, কলেজ এবং জেলা-উপজেলা পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং সাধারণ সম্পাদক আলী ইমাম তপন উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি প্রতিযোগিতাকে দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি উৎসর্গ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

বিজ্ঞাপন