ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নতুন নয়। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে তাদের এই দ্বন্দ্ব চলমান। মেসি বালন দ’র জিতেছেন ৮ বার, অপরদিকে রোনালদো জিতেছেন ৫ বার।
বালন দ’র কর্তৃপক্ষ সম্প্রতি সেরা বিজয়ী নির্বাচনের জন্য একটি ভোটাভুটির আয়োজন করেছে। এই ভোটাভুটিতে মেসির তুলনায় রোনালদো ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছেন। ভোট দিতে ইউরো খরচ করতে হয় এবং ভোটাররা একাধিকবার ভোট দিতে পারেন।
বালন দ’র কর্তৃপক্ষ ১০ জন কিংবদন্তিকে ভোটের জন্য নির্বাচন করেছে। ভোটাররা তাদের মধ্যে যেকোনো একজনকে বেছে নেবেন। তবে যারা একাধিক বালন দ’র জিতেছেন, তাদের জন্য নির্দিষ্ট একটি বছর বেছে নেওয়ার সুযোগ রয়েছে।
রোনালদোর ২০০৮ সালের বালন দ’র ভোট পেয়েছে প্রায় ৬২ শতাংশ, যা অন্যান্য প্রতিযোগীদের তুলনায় অনেক বেশি। অন্যদিকে, মেসির ২০১২ সালের বালন দ’রের পক্ষে ভোট পড়েছে মাত্র ১৩ শতাংশ।
মেসির ভোট কম হওয়ার পেছনে একটি কারণ হলো, তার ৮টি বালন দ’র জয়ের ভোটগুলো বিভিন্ন বছরে বিভক্ত হয়ে গেছে। ভোটের খরচও ভোটের ব্যবধানকে প্রভাবিত করছে। একজন সমর্থককে প্রতিটি ভোটের জন্য ১ ইউরো (প্রায় ১৩৮ টাকা) দিতে হচ্ছে।
বালন দ’র কর্তৃপক্ষ ভোটারদের জন্য বিশেষ লটারির ব্যবস্থা করেছে, যেখানে তারা এবারের বালন দ’র ঘোষণার অনুষ্ঠানের দুটি টিকিট জেতার সুযোগ পাবেন। এছাড়া, বালন দ’র ট্রফির একটি বিশেষ ছবি কেনা ও ডাউনলোডের সুযোগও রয়েছে।