জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংসদে তাদের দলের ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতে সরকারের মন্ত্রীদের ৪৫ মিনিট সময় লাগছে।
তিনি সোমবার বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির পর আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, অনেক সময় তাদের কথা বলার সুযোগও দেওয়া হয় না।
হাসনাত বলেন, “আমরা শুরু করেছি ছয়জন নিয়ে, তবে খুব শিগগিরই এই সংখ্যা ১৬০-এ পৌঁছাবে, ইনশাআল্লাহ। জনগণ ও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের মানুষের সমর্থন পেলে সেটিই বাস্তবে পরিণত হবে।”
বক্তব্যে তিনি উল্লেখ করেন, “বিগত সরকার জনগণের কাছ থেকে টানা তিনটি নির্বাচনের অধিকার কেড়ে নিয়েছিল। গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে।”
তিনি বলেন, “নির্বাচনের আগে আমরা জনগণকে বলেছিলাম, আমাদের বিনা মূল্যে ভোট দিন, আমরা জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি।”
পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ ও সরোয়ার তুষারসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পদযাত্রাটি পিরোজপুর শহরের সিও অফিস চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, যেখানে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
হাসনাত আবদুল্লাহ জেলা এনসিপির সদস্যসচিব মইনুল আহসান মুন্নাকে পিরোজপুর পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।