আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেস সম্প্রতি সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বিশ্বকাপ চলাকালে প্রকাশ্যে জানিয়েছিলেন যে, তিনি ক্লাবটি ছাড়তে চান এবং বার্সেলোনায় যোগ দিতে ইচ্ছুক। এই মন্তব্যের কারণে আতলেতিকো সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং তারা সামাজিক যোগাযোগমাধ্যমে আলভারেসকে তীব্র সমালোচনা করতে থাকেন।
আলভারেসের ক্ষমা প্রার্থনা লা লিগার একটি ম্যাচে দলের ১-০ গোলের জয় নিশ্চিত করার পর আসে। ম্যাচ শেষে তিনি বলেন, "বিশ্বকাপের সময় আমার বলা কথাগুলোর জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। আমি যেভাবে কথাগুলো বলেছি এবং যে সময়ে বলেছি, সেটা ভুল ছিল।"
তিনি আরও জানান, "সমর্থকদের রাগের কারণ আমি বুঝতে পারছি। এখানে আসার পর থেকে তাঁরা আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন, তা অসাধারণ। এখন আমার কাজ হলো মাঠে মনোযোগ দেওয়া এবং নিজের সবটুকু উজাড় করে দেওয়া।"
আলভারেসের মৌসুমের শুরুটা ভালো যায়নি, চোটের কারণে তিনি মাঠে ছন্দহীন ছিলেন এবং সমর্থকদের বিদ্রূপের শিকার হন। গতকাল তার গোলটি লা লিগায় ৮ মাস পরে প্রথম গোল ছিল।
আলভারেসের গোলের পর কিছু সমর্থক তাঁকে অভিনন্দন জানান, তবে কেউ কেউ এখনও অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, "আমি দিন দিন ভালো অনুভব করছি। সব সময়ই সমর্থন পেয়েছি।"
আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে আলভারেসের ক্ষমা চাওয়াকে ইতিবাচকভাবে দেখছেন। তিনি বলেন, "যাঁরা ভুল স্বীকার করে ক্ষমা চান, তাঁদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। আলভারেসের জন্য আমি খুব খুশি।"