ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) আসন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে বিশ্বজুড়ে তাদের নাগরিকদের জন্য একটি বড় ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশসহ কয়েকটি দেশে ইসরায়েলিদের ভ্রমণ ও অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এনএসসি জানায়, আসন্ন ধর্মীয় দিবসগুলোর কারণে বিদেশ সফররত ইসরায়েলি নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।
ইরান, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাসের সঙ্গে চলমান সংঘাতের কারণে এ ঝুঁকি আরও বাড়তে পারে। আফ্রিকায় ইয়েমেনভিত্তিক হুতিরা ইসরায়েলিদের ওপর হামলার হুমকি দিয়েছে বলেও এনএসসি দাবি করেছে।
এনএসসি জানায়, ইরানের আশপাশের দেশগুলো, বিশেষ করে আজারবাইজান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েলিদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আগামী অক্টোবরে ইসরায়েল-হামাস সংঘাতের বর্ষপূতি উপলক্ষে বিশ্বজুড়ে ইসরায়েলবিরোধী সহিংস বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে।
সতর্কতামূলক তালিকায় জর্ডান, কাতার, সোমালিল্যান্ড ও মিসরও অন্তর্ভুক্ত রয়েছে। এসব দেশে ভ্রমণ না করার এবং অবস্থানরত ইসরায়েলিদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, ইরাক, কুর্দিস্তান, ইয়েমেন, ইরান, সিরিয়া, লেবানন ও সৌদি আরবেও ইসরায়েলিদের ভ্রমণ আইনিভাবে নিষিদ্ধ। দ্বৈত নাগরিকদের ক্ষেত্রেও এসব নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, আলজেরিয়া ও সোমালিয়াকে ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে ইসরায়েলিদের নিয়মিত যাতায়াত নেই, তবে এনএসসির ঝুঁকি মূল্যায়নের তালিকায় দেশের নাম উঠে এসেছে।